হিম শীতে কাঁপছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। জেলার তেঁতুলিয়া উপজেলায় দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি। মঙ্গলবার সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম দৈনিক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
ঘন কুয়াশা ও হিম বাতাসে জবুথবু সেখানকার জনজীবন। শৈত্যপ্রবাহের কারণে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠান্ডাজনিত রোগ।
গত বছরের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই দিন সৈয়দপুরে তাপমাত্রা ছিল ২ দশমিক ৯ ডিগ্রি।
এর আগে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে। সেটি ছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
