বড়দিন উপলক্ষে অনেক বাড়িতেই কেক তৈরি করা হয়। কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়িও তাই। এবার তো মায়ের সঙ্গে কেক বানিয়ে ভিডিও পোস্ট করলেন ইউটিউবে।
মিমির বাড়িতে বড়দিনে কেক বানানোর চল বহু বছর ধরেই। যখন তিনি ছোট ছিলেন, তখন থেকেই প্রত্যেক বড়দিনে কেক তৈরি হয়।
বর্তমানে বোনের বিয়ে উপলক্ষে জলপাইগুড়িতে বাবার বাড়িতেই রয়েছেন মিমি। সেখানেই মায়ের শেখানো রেসিপিতে কেক বানালেন। যদিও ঘটনা হলো- অভিনেত্রীর মা তাপসী চক্রবর্তীই বানালেন, তিনি পাশে পাশে থেকে এটা-ওটা করে দিলেন।
সঙ্গে বললেন ছেলেবেলার গল্প। জানালেন, ছোটবেলায় কনভেন্টে পড়ার দৌলতে ক্রিসমাস উদ্যাপন হতো ভালোভাবেই। আর স্কুলে ছুটি পড়ে যাওয়ার পর বাড়িতেই চলত হুল্লোড়। বড়দিন মানেই ছিল মায়ের হাতের কেক।
৩৫ বছর আগের ওভেনে কেক বানালেন তারা। নায়িকা জানান, ওভেনটি তার জন্মের আগের। সেটাতেই বরাবর মা কেক তৈরি করেন। ছোটবেলায় এই কেকটি কাটার জন্য তিনি রাতে জেগে বসে থাকতেন। সঙ্গে বড়বোনও জাগতেন। দুজনের মধ্যে কে আগে কেক কাটবে, তা নিয়ে ঝগড়া হতো। একটা সময়ের পর দিদি ঘুমিয়ে পড়তেন। কিন্তু মিমি জেগে থাকতেন।
কেক বানানোর পাশাপাশি অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন মিমি।
