ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নগরীর সব মসজিদের ইমামদের নিয়মিত মাসিক সম্মানী প্রদান করা হবে বলে উল্লেখ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘প্রতিটি ওয়ার্ডে কবরস্থান করে দেওয়া হবে। সেই কবরস্থানের পাশে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করা হবে। এ ছাড়া নগরীতে কোরআন গবেষণাগার গড়ে তোলা হবে।’
গতকাল বুধবার দুপুরে নগরীর বোর্ডবাজারের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠে গাসিক আয়োজিত ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মেয়র বলেন, ‘গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদ এবং মসজিদের খতিব ও ইমামদের তালিকা করা হচ্ছে। তাদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেওয়া হবে। যেখানে হাদিস ও কোরআন নিয়ে গবেষণা হবে। ইমামদের হজে যাওয়ার জন্য বার্ষিক বাজেট করে দেওয়া হবে।’
