ভারতে বিতর্কিত এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বলিউডের তারকা অভিনেতাদের কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন অজয় দেবগন।
নিজের সিনেমা ‘তানাজি’র প্রচারে এসে অজয় দেবগন এ কথা বলেন।
তিনি বলেন, এমন অনেক সংবেদনশীল ইস্যু রয়েছে যা নিয়ে বলিউড তারকাদের কথা বলতে দেওয়া হয় না। কারণ, তার ফলে রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে।
তিনি জানিয়েছেন, সিএএ এবং এনআরসি বিষয়ে তার তেমন ধারণা নেই। তবে তার মতে, হিংসার পথ এড়িয়ে নিজের কথা বলা যেতে পারে। এবং এই ইস্যুকে আরো সাবধানতার সঙ্গে মোকাবিলা করা দরকার।
ওই সাক্ষাৎকারে অজয় আরো জানান, ‘সবার মনে রাখতে হবে আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি এবং প্রত্যেকের অধিকার রয়েছে প্রতিবাদ জানানোর। সবাই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। অভিনেতারা সবসময় নিজেদের মতামত প্রকাশ করতে পারেন না। কারণ, তারা যদি কোনো মন্তব্য করেন তার ঠিক বিপরীত তুলে ধরা হবে এবং অশান্তি সৃষ্টি হতে পারে। তাই অনেক সময় আমাদের চুপ থাকতেই হয়।’
আগামী বছরের ১০ জানুয়ারি মুক্তি পাবে ‘তানাজি’ ছবিটি। অজয় ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন কাজল এবং সইফ আলি খান।
