ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পর মাঝেমধ্যেই অস্থির হয়েছে কাশ্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই উপত্যকায় মোতায়েন করা হয় প্রচুর নিরাপত্তাবাহিনী সদস্য। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। গৃহবন্দি করা হয় রাজনৈতিক নেতাদের। সময়ের সঙ্গে কিছুটা হলেও শান্ত হয়েছে ‘ভূ-স্বর্গ’। শান্ত কাশ্মীরে ১১ মাস পর ফিরল ফুটবল। ঘরের মাঠে আই-লিগের ম্যাচে প্রথম জয়ের দেখা পেল স্বাগতিক রিয়াল কাশ্মীর।
গতবার আই লিগে পুলওয়ামায় হামলার আগে ঘরের মাঠে শেষবার মাঠে নেমেছিল রিয়াল কাশ্মীর। এরপর ঘরের মাঠে আর খেলতে পারেনি দলটি। এরপর চলতি বছরের আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় সরকার বিলোপ করে কাশ্মীরের ৩৭০ ধারা। এরপর পরিস্থিতি থমথমে থাকায় দিল্লিতে হোম ম্যাচ খেলবে বলবে ঠিক করে রেখেছিল কাশ্মীর রিয়াল। এর মধ্যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় শ্রীনগরের টিআরসি গ্রাউন্ডেই হলো ম্যাচটি। অবশ্য প্রায় দশ হাজার দর্শক আসন বিশিষ্ট গ্যালারিতে মাত্র ৩ হাজার সমর্থককে ঢুকতে দেওয়া হয়েছিল।
তবে এতদিন পর ঘরের মাঠে ফুটবল ফেরায় উৎসাহের কমতি ছিল না স্থানীয়দের মধ্যে। সারা বছর নানা দুশ্চিন্তায় ভোগা মানুষগুলো সব ভুলে একটু সময়ের জন্য হলেও আনন্দে মেতেছে। খেলা দেখতে এসে হতাশ হলেন না তারা। ঘরের মাঠে প্রথম ম্যাচেই আই লিগের গেল আসরের চ্যাম্পিয়ন চেন্নাই এফসিকে ২-১ গোলে হারিয়েছে কাশ্মীর রিয়াল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ ও প্রতি-আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের ২২ মিনিটে রিয়াল কাশ্মীরের হয়ে গোল করেন দানিশ ফারুক ভাট। পাঁচ মিনিট পর হোম টিমের হয়ে ব্যবধান বাড়ান বাজিয়ে আর্মান্ড। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে একটি গোল শোধ করতে সক্ষম হয় চেন্নাই।
চলতি মৌসুমে এর আগে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলেছিল কাশ্মীর। দুটি ম্যাচেই ড্র করে তারা।
