শেখ জামালকে ফেডারেশন কাপ থেকে বিদায় করে শেষ আটে পৌঁছে গেছে সাইফ স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে নিজেদের গ্রুপে সেরা হয়েছে চট্টগ্রাম আবাহনী।
এদিন ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে কিংসকে চট্টগ্রাম হারায় ২-০ ব্যবধানে। আর ‘সি’ গ্রুপে ৩-১ ব্যবধানে সাইফ হারিয়েছে জামালকে।
এদিন প্রথমার্ধেই দু’গোল করে জয় নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া কিংস আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় চট্টগ্রামের দলটি।
শেষ আটে তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ দল (এখনও নির্ধারিত হয়নি)।
দ্বিতীয় ম্যাচে সাইফ শুরুতে পিছিয়ে পড়ে। তবুও তারা ভালো ব্যবধানে জিতল। ‘সি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপসেরা। আর গ্রুপের দুই ড্রয়ে, দুই পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে রহমতগঞ্জ।
কোয়ার্টার ফাইনালে দলটি মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্সআপ পুলিশ এফসি’র। আর রহমতগঞ্জ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে।
