রাজধানীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি (২৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে শামীম (২৫) ও শোভন (২৩) নামে আরও দুই আরোহী। শুক্রবার দিবাগত রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১টার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। শামীমকে আইসিইউতে ও শোভনকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সালমান জানান, ফ্লাইওভার ব্রিজ দিয়ে ৩ বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ৩জনই গুরুতর আহত হয়।
তারা যাত্রাবাড়ী আদর্শ স্কুল রোড এলাকায় থাকেন।
