উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২ গোলে এগিয়ে গিয়েও হারার পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার আশা ছেড়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
সিটি এখন পয়েন্ট টেবিলে তিন নম্বরে। শুক্রবার প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে হারার পর শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ১৪ পয়েন্টের। দুইয়ে থাকা লেস্টার সিটি এগিয়ে এক পয়েন্টে।
সিটি এদিন ১২ মিনিটে দশজনের দলে পরিণত হয়। পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতাকে ডি-বক্সের বাইরে এসে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক এডেরসন। পরে ২৫ এবং ৫০ মিনিটের সময় দুই গোল করে দলকে এগিয়ে দেন স্টারলিং। ওয়ান্ডারার্স ৫৫, ৮২ এবং ৮৯তম মিনিটে গোল করে বেরিয়ে যায়।
এই অবস্থায় শিরোপার আশা শেষ কি না, এমন প্রশ্নের জবাবে বিবিসি রেডিও ৫ লাইভকে গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, লিভারপুলের অ্যাডভানটেজ বড় বিষয়। এমন হার আমরা আশা করিনি। ’
সিটি চলতি মৌসুমে লিগে ৫ ম্যাচ হেরেছে। গতবার গোটা মৌসুমে এর থেকে এক ম্যাচ কম হেরেছিল দলটি।
গার্দিওলা মূলত লিভারপুলের থেকে এক ম্যাচ বেশি খেলায় চিন্তিত। সেটিকেই তিনি প্রতিপক্ষের সুবিধা বলছেন।
‘লিভারপুলকে নিয়ে ভাবা অবাস্তব। আমরা বরং লেস্টারকে নিয়ে ভাবছি। আমাদের এখন দুই নম্বরে ফিরে যাওয়ার সুযোগ আছে।’
