গুহায় আটকে পড়া খুদে থাই ফুটবলার এবং তাদের কোচকে বের করে আনা আরেক নেভি কর্মকর্তা মারা গেছেন। দুর্গম গুহা থেকে ১৩ জনকে উদ্ধার করার সময় বেয়ারেট বুরেকের নামের ওই অফিসারের রক্তে ইনফেকশন হয়।
রয়্যাল থাই নেভি জানিয়েছে, উদ্ধার অভিযানের পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই অভিযানের সময় আরেক সাঁতারু লেফটেন্যান্ট কমান্ডার সামান কুমান মারা যান।
গত বছর ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ফুটবলারদের নিয়ে আশপাশের এলাকা দেখতে এবং থাম ল্যাং গুহার ভেতর বেড়াতে যান দলটির সহকারী কোচ একাপল চান্থাওং। গুহায় ঢোকার কয়েক মিনিট পরে জোয়ার আসে। তখন বন্যার পানিতে পথ আটকে যায়। সেই পানি না সরায় ১৭ দিন আটকা থাকতে হয় তাদের।
অভিজ্ঞ এক সাঁতারু ৯ দিন পর তাদের খোঁজ পান। সেখান থেকে উদ্ধার করতে করতে পার হয়ে যায় আরও আটদিন।
ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে পানিতে প্লাবিত গুহার ভেতর থেকে বাচ্চাদের বের করে আনা হয় ‘মিলিটারি গ্রেড স্ট্রেচারে’ করে। তাদের শান্ত রাখার জন্য ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়।
