কামিন্সের দাপটে সিরিজ জয়ের কাছে অস্ট্রেলিয়া

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৩ পিএম

বক্সিংডে টেস্টের তৃতীয় দিন শেষ হতে হতে অজি পেসারদের দাপটে রীতিমতো দিশেহারা নিউজিল্যান্ড। মেলবোর্নে প্রথম ইনিংসে কিইউদের ১৪৮ রানে গুটিয়ে দিতে প্যাট কামিন্স একাই নিয়েছেন ৫ উইকেট।

৩১৯ রানের লিড পেলেও নিউজিল্যান্ডকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার ও জো বার্নস দারুণ শুরু করে এই সিদ্ধান্তের কার্যকারিতা প্রমাণ করেছেন।

অজিরা রবিবার ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে ব্যাট করতে নামবে। সব মিলিয়ে তারা এগিয়ে ৪৫৬ রানে। তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে পিছিয়ে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে কিউইরা। কামিন্স ১৭ ওভার হাত ঘুরিয়ে পাঁচজনকে ফেরান। খরচ করেন ২৮ রান। ৩৪ দিয়ে তিন উইকেট জেমস প্যাটিনসনের। বাকি দুটি মিচেল স্টার্কের।

শনিবার ২ উইকেটে ৪৪ রান নিয়ে শুরু করে নিউজিল্যান্ড। পরপর দুই বলে রস টেইলর ও হেনরি নিকোলসকে বিদায় করে সফরকারীদের নাড়িয়ে দেন কামিন্স।

এক প্রান্ত আগলে রেখে দলকে টানছিলেন টম ল্যাথাম। পঞ্চাশ ছোঁয়ার পর এই ওপেনারকেও ফিরিয়ে দেন কামিন্স। পরে টিম সাউদিকে কট বিহাইন্ড করে টেস্টে পঞ্চমবারের মতো ইনিংসে নেন পাঁচ উইকেট।

অস্ট্রেলিয়া চতুর্থ দিন কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়। মেলবোর্নের ইতিহাস বলছে এখনই লিড যেখানে গেছে, সেখান থেকে নিউজিল্যান্ডের পক্ষে ‘ড্র’ করাও কঠিন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত