সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা নতুনপাড়া হানিফনগর গ্রামের কলেজছাত্র আশরাফুল ইসলাম (২০) কে শুক্রবার রাতে তার বন্ধুরা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ পাশের গ্রামের সরিষা খেতে ফেলে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আশরাফুল ইসলাম নরিনা নতুনপাড়া হানিফনগর গ্রামের কৃষক আজাদ আলীর ছেলে ও সাতবাড়িয়া আব্দুস সামাদ আজাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই আবদুল কুদ্দুস জানান, শুক্রবার সন্ধ্যায় আশরাফুল বাড়িতে কাজ করছিল। এ সময় তার মোবাইল ফোনে কল আসে। এরপর সে খেয়াঘাট বটতলা থেকে ঘুরে আসি বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি।
শনিবার এলাকাবাসীর মুখে খবর পেয়ে তারা ছুটে এসে আশরাফুলের লাশ সরিষা খেতে দেখতে পায়। প্রাথমিক ভাবে তাদের ধারণা তার বন্ধুরা মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ ওই সরিষা খেতে ফেলে পালিয়ে গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, লাশের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া লাশের পাশে থেকে ডান্ডি সেবনের আলামত পাওয়া গেছে। এতে প্রাথমিক ভাবে ধারণা করা যায় নেশা দ্রব্য সেবনের পর হত্যার ঘটনা ঘটেছে। প্রেম ও মাদক সংক্রান্ত বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে এর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
