সুনামগঞ্জে দুদক সচিব

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে দুর্নীতি রোধ সম্ভব না

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দেলোয়ার বখত বলেছেন ‘যেকোনো কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে দুর্নীতি রোধ সম্ভব হবে না। দুর্নীতির লাগাম এখনই টেনে ধরতে হবে নইলে দেশের সব উন্নয়ন কার্যক্রমের ক্ষতি হবে। তাই সরকারি প্রতিষ্ঠান কিংবা কর্মকর্তা সবার প্রতিটি কাজেই স্বচ্ছতা রাখতে হবে। দুদকে যারাই অভিযোগ করে তাদের সব অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত করা হয়। কারও অভিযোগই ফেলে দেওয়া হয় না’।

গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধবিষয়ক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দেলোয়ার বখত। আরও বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেন, সিভিল সার্জন আশুতোষ দাশ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে প্রমুখ।

এর আগে সকালে দুদক সচিব শহরের রাজ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধনের মাধ্যমে একযোগে জেলার ৮৮১টি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রমের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত