কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। বিএনপি নির্বাচনে আসবে, এটা ভালো কথা। তবে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে তাদেরও ভূমিকা রাখতে হবে।
গতকাল শনিবার টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘দেশের পিছিয়ে থাকা নারী সমাজের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের নেতৃত্ব এখন আমাদের মা-বোনরাই দিচ্ছেন।’
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ। অনুষ্ঠান শেষে ৭৫ পাউন্ডের কেক কাটেন অতিথিরা। এর আগে সকালে কলেজের সাবেক ও বর্তমান ছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
