দেশে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে : শিল্পমন্ত্রী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হ‌ুমায়ূন বলেছেন, শিক্ষাকে আধুনিকায়নে সরকার নানাবিধ কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছে। সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে আনা হচ্ছে আমূল পরিবর্তন। সরকার যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রবর্তন করছে । পরিবর্তিত বিশ্বে আমাদের নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই আমাদের জানতে হবে কীভাবে জীবনব্যাপী শিখতে হয়। এই চাহিদা অনুযায়ী কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে।

এ জন্য বর্তমান সরকার দেশে আধুনিক ও যুগোপযোগী সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। রবিবার দুপুরে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সুন্দর আগামীর স্বপ্নে নরসিংদীকে মানসম্মত শিক্ষায় দেশের শীর্ষে নিয়ে যাওয়ার প্রত্যয়ে  জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সবকিছু করছে সরকার। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সম্পূর্ণ বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। স্কুল কলেজ মাদ্রাসার অত্যাধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা হয়েছে। সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের অবকাঠামোগত এবং মানসম্মত শিক্ষার উন্নয়ন ঘটিয়ে সুশিক্ষার পথ প্রশস্ত করা হয়েছে।

এ সরকার গণমুখী ও শিক্ষাবান্ধব উল্লেখ করে তিনি বলেনবর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।  সরকার শিক্ষার উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করছে। এই সরকারের অধীনে যত স্কুল, কলেজ ও মাদ্রাসা সরকারি হয়েছে অতীতের কোনো সরকারের আমলে তা হয়নি।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান আকন্দ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আহ্বায়ক নূর হোসেন ভূঞাসহ প্রমুখ।

জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের মিলন মেলায় জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৭০০০ শিক্ষক ও তাদের পরিবার অংশগ্রহণ করে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষকদের মধ্যে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত