তাৎক্ষণিক প্রতিক্রিয়া

আনিসুলে অনুপ্রাণিত তাপস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫০ এএম

ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। দলের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর গতকাল রবিবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় মনোনয়ন না পাওয়ায় অনেকের মনে ক্ষোভ থাকতে পারে মন্তব্য করে সবার সহযোগিতা কামনা করেন বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছোট ছেলে তাপস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাগরিকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করেন ফজলে নূর তাপস। এ সময় আনিসুলের কাজ দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে বৃহত্তর পরিসরে পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে স্বমহিমায় প্রস্ফুটিত করব। রাজধানীতে যারা অবহেলিত, তাদের সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে। ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে ৩০ বছরমেয়াদি মহাপরিকল্পনার মাধ্যমে ২০৪১-এর স্বপ্ন সফল করব। তিনি বলেন, আমি পূর্ণ সময় দক্ষিণের জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করে যাব। অনেকের মনে ক্ষোভ থাকতে পারে মনোনয়ন না পাওয়ায়। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না। সবার সহযোগিতা কামনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত