নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ-বিরোধী সমাবেশে অংশ নিয়ে বিজেপির পক্ষ থেকে সমালোচনার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ নারায়ণ। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র ক্যারিয়ার, রাজনীতি, দায়িত্ববোধ-সহ নানা বিষয়ে কথা বলেন বলিউডের ‘রং দে বাসন্তী’র এই নায়ক। জানান, প্রতিবাদ ছাড়া কোনো পথ দেখছেন না। নীরবতায় বিশ্বাস করেন না তিনি।
সিদ্ধার্থ বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে, আমরা এমন অন্ধকার সময়ে বাস করছি। প্রতিদিন এমন কিছু ঘটছে যাতে আমার রক্ত ফুটছে। আমি বিশ্বাস করতে পারি না যে ভারতে আমি বড় হয়েছি সেখানে এমন কিছু ঘটছে।”
কিন্তু সিনেমা ক্যারিয়ারের কথা চিন্তা করে অনেক তারকারাই চুপ রয়েছে। সিদ্ধার্থ বলেন, “যদি কথা না বলি আমি নিজেকে অপরাধী ভাবব। দেশের বেশির ভাগ মানুষের মতো আমি চুপ থাকতে চাই না। আমি সৌভাগ্যবান যে খোদা ও এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আমার মতো সুবিধাপ্রাপ্ত মানুষ যদি কিছু না বলে তবে দেশ কোথায় যাবে? এটা আমার ব্যক্তিগত পছন্দ। আমি কাউকে বলছি না তারা কী করবে। আমি আমার জন্য অন্য কোনো পথ দেখি না।”
সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে অনুরাগ কাশ্যপ, ফারহান আখতার, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, মোহাম্মদ জিশান আইয়ুব, পুলকিত সম্রাট, বিশাল ভরদ্বাজসহ ভারতীয় সিনেমা জগতের অনেকেই যোগ দিয়েছেন। সেখানে সিদ্ধার্থের মতো কারো কারো নামে মামলাও হয়েছে।
