গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের সাব-রেজিস্ট্র্রার অফিস চত্বর থেকে গতকাল সোমবার সকালে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব-২-এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা গ্রামের পল্লীচিকিৎসক আবুল কাশেম (৫০) ও পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী মহল্লার আবু সুফিয়ান সরকার (৪৫)।
র্যাব-২ ঢাকার মোহাম্মদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সংগঠনের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাইবান্ধা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
