ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের (সিডিএস) দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি সর্বশেষ দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন সেনাপ্রধান হিসেবে বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
মঙ্গলবার সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন ৬৫ বছর বয়সী বিপিন রাওয়াত। তিন বাহিনীর প্রধান হিসেবে সদ্য সৃষ্ট সিডিএস পদে তাকে নিয়োগ দেয় ভারত সরকার।
২০ বছর আগের জটিলতা কাটিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিডিএস পদের ব্যাপারে সিদ্ধান্ত হয়। চলতি বছরে স্বাধীনতা দিবসে এই পদের কথা ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারগির যুদ্ধের পরেই এই পদ সৃষ্টির সিদ্ধান্ত নেয়া হয়েছিল
এই পদের মাধ্যমে স্থল, নৌ ও বিমান- এই তিন বাহিনীর প্রধান হলেন বিপিন রাওয়াত। তিন বাহিনীর জন্য অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের ওপর নজর রাখবেন তিনি। বিশেষ করে ভারত আণবিক শক্তিধর দেশ হওয়ায় দেশটির পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন সিডিএস।
এদিকে মনোজ মুকুন্দ ভারতের ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। মঙ্গলবার তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনি সেনাবাহিনীর উপপ্রধান হয়েছিলেন। এর আগে বাহিনীর ইস্টার্ন কমান্ডারের প্রধান ছিলেন মনোজ মুকুন্দ। ইস্টার্ন কমান্ডের দায়িত্বে রয়েছে ৪০০০ কি.মি চীন সীমান্ত।
মনোজ মুকুন্দ ৩৭ বছরের চাকরিজীবনে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব ভারতে সহ অনেকে জায়গায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তিনি এবং তিন বছর মিয়ানমারে ভারতীয় দূতাবাসে ভারতীয় প্রতিরক্ষা বিভাগেও কর্মরত ছিলেন।
