রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সময়ের মধে ঘটা দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
ভিক্টোরিয়া পার্ক এর সামনের বাস চাপায় হেমায়েত হোসেন (৫০) নামে এক ট্রাফিক পুলিশের কর্তব্যরত কনস্টেবল, শ্যামপুর অটোবি তেলপাম্পের সামনে অটোরিকশা চাপায় ফুল মিয়া (৬৫) নামে এক ব্যক্তি ও ধোলাইপাড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় শরিফ (৩৪) নামের এক যুবক নিহত হয়েছে।
কনস্টেবল হেমায়েত এর বাড়ি নড়াইল কালিয়া উপজেলার বাবরা গ্রামে। রাজারবাগ পুলিশ লাইনের ট্রাফিক ব্যারাকে থাকতেন এবং ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের দায়িত্বে ছিলেন তিনি।
হাসপাতালে ওয়ারী ট্রাফিক জোনের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. জিন্নাত আলী মোল্লা জানান, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভিক্টোরিয়া পার্কের সামনের রাস্তায় ডিউটিতে ছিলেন হেমায়েত। পার্কের সামনে ভিক্টোরি ক্ল্যাসিক পরিবহনের একটি বাস ঘোরানো হচ্ছিল আর আজমেরী পরিবহনের আরেকটি বাস দাঁড়ানো ছিল। ভিক্টরি পরিবহনের বাসটির চালক পেছন দিকে চালালে তখন ওই ট্রাফিক সদস্য দুই বাসের মাঝে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, অটোরিকশা চালক জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ফুলমিয়াকে হাসপাতালে নিয়ে আসে। অটোরিকশা চালক জানিয়েছে ওই লোকসহ আরও কয়েকজন পোস্তগোলা থেকে তার অটোতে ওঠেন। অটোরিকশাটি শ্যামপুর অটোবি তেল পাম্পের সামনে আসলে বিপরীত দিক থেকে একটি বাস ও একটি ট্রাককে ওভারটেক করতে দেখে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ফুল মিয়া অটোরিকশার নিচে চাপা পড়ে। তবে বাকি যাত্রীদের তেমন কিছু হয়নি। ফুলমিয়ার বাড়ি কুমিল্লার ভাঙ্গুরায়।
অপর ঘটনায় ধোলাইপাড়ে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় শরিফ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামে। ধোলাইখালে চেইন রিপেয়ারিংয়ের দোকান আছে তার। সে ওই এলাকাতেই থাকত।
শরিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, বেলা ১২টায় ধোলাইপাড়ের গীতসংগীত সিনেমা হলের সামনের রাস্তা পায়ে হেঁটে পার হচ্ছিল ওই যুবক। তখন কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
