দিনাজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি থেকে ৪ নেতা-কর্মী আটক

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৭:১২ পিএম

দিনাজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি থেকে দলের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার সাবেক সভাপতিসহ ৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজার চালহাটি এলাকা থেকে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করতে গেলে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- হাবিপ্রবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আদনান কমল, জেলা ছাত্রদল কর্মী ডিপজল শাহিন ও খোকা ইসলাম।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ চারজনকে আটকের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা বার্ষিকীর র‌্যালি দলীয় কার্যালয় বাদ দিয়ে বাহাদুর বাজার চালহাটি থেকে বের করার চেষ্টা করে। এতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে তাদের র‌্যালি করতে নিষেধ করা হয়।

তিনি আরও বলেন, এ সময় তারা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশকে ধাওয়া করে। পুলিশ তাদের পাল্টা ধাওয়া করলে তাদের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

দিনাজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফরিজার রহমান তপু বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ র‌্যালি বের করতে দেয়নি বরং পুলিশ আমাদের ছত্রভঙ্গ করে ঘটনাস্থল থেকে ৪জনকে আট করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত