ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: শাজাহান খান

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৭:৩০ পিএম

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

বুধবার সকালে মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মুজিববর্ষ বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি এখন একঘরে হয়ে গেছে। তারা যে কোন নির্বাচন হলে বলে, নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। অথচ পরে যখন তাদের সদস্যরা নির্বাচিত হয়, তখন তাদের কথা থাকে না। এখন তারা ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে মিথ্যে ও বানোয়াট কথাবার্তা বলছে, যা আদেশে মানুষ বোঝে।

তিনি বলেন, এবারের সিটি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। মানুষ তাদের ভোট সঠিকভাবেই দিতে পারবে। তবে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় না থাকায় তাদের মানুষ প্রত্যাখ্যান করবে।

অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুজিববর্ষ বরণ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পিতা মাদারীপুরে চাকরি করা অবস্থায় বঙ্গবন্ধু ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত