ফের পরমাণু অস্ত্র পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১০:৪৯ পিএম

উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন ইংরেজি নতুন বছরের শুরুতেই ফের পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বসার ডেডলাইন অতিক্রম হওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে কিম এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ঘোষণায় কিম বলেন, ‘বিশ্ব শিগগিরই এক নতুন ধরনের কৌশলগত অস্ত্র দেখতে পাবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের ওপর।’ তিনি আরও বলেন, ‘স্বঘোষিত নিষেধাজ্ঞা মানতে আর বাধ্য নয় উত্তর কোরিয়া। শিগগিরই আবার এ ধরনের পরীক্ষা চলবে। কারণ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে আর নিষেধাজ্ঞাও জোরদার করছে। এ পরিস্থিতিতে আমাদের একতরফাভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আর কোনো যুক্তি নেই।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালে কিম পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া দূরপাল্লার আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অগ্রগতি উত্তর কোরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দ্বার খুলে দেবে এমন আশা থেকেই নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রাখার ওই ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্প তিনবার বৈঠক করেছেন কিমের সঙ্গে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষায় সংযত থাকার পদক্ষেপকেও বড় ধরনের কূটনৈতিক অর্জন বলে ট্রাম্প একাধিকবার উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত