প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জের: পররাষ্ট্র সচিব

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১২:১৯ এএম

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কাজ করা সব সময় চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর সম্পর্কের চ্যালেঞ্জ রয়েছে। আমরা প্রতিবেশী ভারতের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে চাই।’

পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়ে বুধবার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।

ভারতের এনআরসি বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আজও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন। আমরা এনআরসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ নিয়ে ভারতের অশান্ত পরিস্থিতি এখন কমে এসেছে।’

নিজের পরিকল্পনা তুলে ধরে মাসুদ বিন মোমেন আরও বলেন, ‘এ বছরে মুজিববর্ষ রয়েছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতি আনতে চাই। রোহিঙ্গা সংকট মোকাবিলায় অনেক কিছু করণীয় রয়েছে।’

শহীদুল হকের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ায় গত মঙ্গলবার পররাষ্ট্র সচিব পদে মাসুদ বিন মোমেনকে নিয়োগ দেয় সরকার। তিনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এক মাস আগে ঢাকা এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক সচিবের দায়িত্বে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত