নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাবনা পাস করায় কেরালা রাজ্য সরকারের ওপর খেপেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। মঙ্গলবার কেরালা বিধানসভায় এই প্রস্তাবনাটি পাস হয়।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন জানিয়েছেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয় সংবিধানের মূল্যবোধ ও মূলনীতির বিরুদ্ধে। নতুন আইন দেশবাসীর মধ্যে ভীতির সঞ্চার করেছে। যা বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের উচিত ওই আইন প্রত্যাহার করা।’
এমন কথা শুনে দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, কেরালা যা করেছে সেটি সংবিধান বিরোধী। এজন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
রবিশংকর প্রসাদ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে দক্ষ আইনজীবীর পরামর্শ নিতে বলেছেন। তার কথায়, ‘বেশ কিছু গোষ্ঠী ও রাজনৈতিক দল সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। কেরালার মুখ্যমন্ত্রীকে বলতে চাই প্রয়োজনে আইনি পরামর্শ নিন। কেন্দ্রের আইন মানতে রাজ্য বাধ্য। রাজ্যকেই এ বিষয়ে উদ্যোগী হতে হবে কার্যকর করার জন্য।’
