শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান শুরু করেছে চুয়াডাঙ্গার বেসরকারি উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটি।
প্রচারাভিযান উপলক্ষে দুুপুরে আত্মবিশ্বাসের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে শিশুদের প্রতি সহিংসতারোধে নানা দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক শ শিশু মানববন্ধনে অংশ নেয়।
তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আবদুল আওয়াল, উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডুসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বক্তারা শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
