যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি কুদস বাহিনীর প্রধান জেনারেল সোলেইমানি নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৮:৪১ এএম

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে চালানো এ হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন বলে জানায় ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন।

আলজাজিরা জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এই হামলায় জেনারেল সোলেইমানিসহ আরও ছয়জন নিহত হন।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোর সমন্বিত সংগঠন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) মুখপাত্র আহমেদ আল-আসাদি জেনারেল সোলেইমানির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।

পিএমএফ সূত্র আলজাজিরাকে জানায়, বিমানবন্দরে পৌঁছানো ‘হাই প্রোফাইল অতিথিদের’ বহনকারী দুটি গাড়ি রকেট হামলায় বিধ্বস্ত হয়। গাড়ি দুটিকে বিশেষ পাহারায় নিয়ে যাচ্ছিল পিএমএফ কর্মকর্তারা।

ইরানি কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা ইরাক এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখা হচ্ছে।

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়া এবং এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটলো।

আরও পড়ুন

ইরানের আলোচিত জেনারেল সোলেইমানিকে ‘হত্যাচেষ্টা নস্যাৎ’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত