গ্রেপ্তারের দু’দিন পর সাতক্ষীরার মাটিয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত জাকির খুন ও ডাকাতির ১৩ মামলার আসামি।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা দামারপোতার মধ্যবর্তী স্থানে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, মাটিয়াডাঙ্গা গ্রামের কওসার আলির ছেলে জাকির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে দু’দিন আগে।
জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে তাকে নিয়ে পুলিশ তার অস্ত্রভান্ডার তল্লাশিতে যায়। এ সময় জাকির বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করেন মিজানুর।
তার ভাষ্য, এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির মধ্যে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে পুলিশের পক্ষে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মিজানুর আরও জানান, জাকিরের বিরুদ্ধে আবদুর রশীদ নামে এক ব্যক্তিকে হত্যা, চোরাচালান, ঘের দখল ও ডাকাতির ১৩টি মামলা রয়েছে।
