আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের ৪০ নম্বর ওয়ার্ডে উত্তর বিএনপির কোষাধ্যক্ষ আতাউর রহমানকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আতাউর রহমান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘জ্যেষ্ঠ নেতাদের মধ্যে যারা ওয়ার্ড কাউন্সিলরদের দলীয় সমর্থন চূড়ান্ত করার দায়িত্বে ছিলেন তারা প্রথমে সিদ্ধান্ত নিতে পারেননি। তাই প্রথম ধাপে আমার ওয়ার্ডের বিষয়টি স্থগিত ছিল। দায়িত্বপ্রাপ্ত নেতারা গতকাল আমার বিষয়টি চূড়ান্ত করেছেন। দলের প্রতি আমি কৃতজ্ঞ। দল আমাকে মূল্যায়ন করেছে। আমি নির্বাচনে বিজয়ী হয়ে দলকে আগের মতো শক্তিশালী করার পাশাপাশি ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে কাজ করব।’ ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, আতাউর রহমান উত্তর বিএনপির কোষাধ্যক্ষ। তিনি ৯ বছর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ভাটারা থানা এলাকায় তিনি জনপ্রিয় নেতা।
