কেরালার কারমালা মডেক্স দাবি করছেন, তিনি বিখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়ালের মেয়ে। স্বীকৃতি না পেয়ে বিপুল পরিমাণ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাও দায়ের করেছেন।
এবার কারমালার ওপর ক্ষোভ উগরে দিলেন অনুরাধা। ডিএনএকে বলেন, “কোনো নারীর এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা দিতে রাজি নই। এটা আমার মর্যাদার জন্য হানিকর। আপনারা আমার জন্য চিন্তা করেছেন তার জন্য ধন্যবাদ।”
এ দিকে গায়িকার মুখপাত্র বলেন, “ওই নারী মানসিক বিকারগ্রস্ত। অনুরাধার মেয়ে কবিতা জন্মগ্রহণ করেছেন ১৯৭৪ সালে, সুতরাং কারমালা যা দাবি করছেন তা মিথ্যা। কারমালা, অনুরাধার স্বামীর কথাও বলেছেন, কিন্তু জানেনও না অনেক দিন আগেই তিনি প্রয়াত হয়েছেন। (মানহানির দায়ে) ওনার অনুরাধাকে অর্থ দেওয়ার কথা, ৫০ কোটি রুপি চাওয়া তো অনেক দূরের বিষয়।”
সম্প্রতি কেরালার তিরুঅনন্তপুরমে জেলা পারিবারিক আদালতে ৪৫ বছরের কারমালা ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন কারমালা। বিবাদী করা হয়েছে অনুরাধা ও তার স্বামী অরুণ পড়োয়ালকে।
কারমালা দাবি করেছেন, অনুরাধা ও অরুণ তার সত্যিকারের মা-বাবা। কারমালার যখন বয়স মাত্র চার দিন, তখন নাকি তারা পালক বাবা-মা পোন্নাচান ও অ্যাগনেসকে দিয়ে দেন। অনুরাধা ও স্বামী এতটাই ব্যস্ত ছিলেন যে সন্তানের জন্য সময় ছিল না।
পালক বাবা পোন্নাচান মৃত্যুশয্যায় কারমালাকে পুরো বিষয়টি বলে যান। কিন্তু মা অ্যাগনেস এখন আলঝেইমারে আক্রান্ত, তিনি নাকি বিষয়টি জানতেন না। পোন্নাচান ও অ্যাগনেস নিজেদের চতুর্থ সন্তান হিসেবে কারমালাকে লালন পালন করেন।
কারমালা একাধিকবার অনুরাধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি কথা বলতে চাননি। এমনকি মোবাইল নম্বরও ব্লক করে দিয়েছেন।
অনুরাধার বয়স এখন ৬৭ বছর। ২০১৭ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। তার দুই সন্তান- ছেলে আদিত্য ও মেয়ে কবিতা।
