বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলার সময় গত শুক্রবার রাতে ৮৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ২৮ হাজার ৭৮০ টাকা, ২১টি মোবাইল ফোনসেট, ৭টি টিভি ও ১টি ক্যারমবোর্ড জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ক্রিকেট-জুয়া ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশ সুপারকে এ বিষয়ে অভিযোগ দিলে অভিযানে নামে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, শুক্রবার রাতে কুড়িগ্রাম সদর, নাগেশ^রী ও উলিপুর থানার পুলিশ এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৮৯ ক্রিকেট-জুয়াড়িকে গ্রেপ্তার করে। উলিপুর উপজেলায় ৩৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে হাতিয়া ইউনিয়নের চৌমহনী থেকে ৪, ধামশ্রেণি ইন্দ্রারপাড় থেকে ৭ ও পৌরসভার কাজিরচক থেকে ২২ জনকে আটক করা হয়। এ সময় ১৮টি মোবাইল ফোনসেট, ৩টি টিভি ও ১টি ক্যারমবোর্ড জব্দ করে পুলিশ।
এ ছাড়া ডিবি পুলিশ উলিপুর উপজেলার ময়নার বাজারে মোনায়েমের হোটেলে অভিযান চালিয়ে ক্রিকেট-জুয়া খেলারত ১৯ জুয়াড়িকে আটক করে।
নাগেশ^রী উপজেলার মনিয়ারহাট, কান্দুরাহাট ও দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক, ৩টি মোবাইল ফোনসেট ও ২টি টিভি জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ সদর উপজেলার কাঁঠালবাড়ী থেকে ১৮, মোগলবাসা থেকে ২৮ জনকে আটক করে। এ সময় ১টি টিভি ও ১টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
মেনহাজুল আলম আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি। এই অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
