তথ্য গোপন করলে তা গুজবে পরিণত হয়। তাই তথ্য অধিকার আইনের মাধ্যমে সরকার সাধারণ জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে। নাগরিকদের মৌলিক অধিকার তথ্য পাওয়া। ‘পিপলস এক্সেস টু ইনফরমেশন’-এর মাধ্যমে জনগণের ক্ষমতায়নের ব্যবস্থা করা হয়েছে। ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী তথ্য না দেওয়ার সুযোগ ছিল। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে গত ১০ বছরে কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য অনেক কাজ হয়েছে।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ রবিবার হবিগঞ্জ টাউন হলে তথ্য অধিকার আইন ২০০৯ ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হবিগঞ্জ জেলা প্রশাসন, সিলেট বিভাগীয় প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, উপপরিচালক এ কে এম তারিকুল আলম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান তথ্য কমিশনার। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সাংবাদিকসহ ১৫০ জন অংশ নেন।
