এস্পানিওলে ধাক্কা বার্সার, আবার সমানে রিয়াল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১২:৪৭ এএম

মাত্র কয়েক ঘণ্টার জন্য লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। গেতাফেকে ৩-০ গোলে সহজেই হারিয়ে ১৯ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। তখন বার্সেলোনার সমর্থকরা হয়তো ভাবছিলেন একটু পরেই তো আবার শীর্ষস্থান ফিরে পাব, তাই চিন্তার কিছু নেই। শীর্ষস্থান ঠিকই ফিরে পেয়েছে বার্সেলোনা। তবে একটা বড়সড় ধাক্কা খাওয়ার পর। তালিকার তলানিতে থাকা অন্য কাতালান দল এস্পানিওলের সঙ্গে শনিবার রাতে ২-২ ড্র করে আর্নেস্তো ভালভার্দের দল। তাই তাদেরও পয়েন্ট ১৯ খেলায় ৪০। গোল গড় রিয়ালের চেয়ে এগিয়ে রেখেছে তাদের। 

শনিবার প্রতিপক্ষের মাঠে পুরো শক্তি নিয়েই নেমেছিল বার্সেলোনা। কিন্তু কাতালান ডার্বিতে বছরের শুরুটা শুভ হলো না তাদের জন্য। লিওনেস মেসি গোল পাননি। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ফ্রাঙ্কি ডি ইয়ং। কোনো রকমে ড্র করে মাঠ ছেড়েছে বার্সা। প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল কিন্তু এস্পানিওলই। ২৩ মিনিটে স্বাগতিকদের পক্ষে গোল করেন ডাভিড লোপেজ। ৫০ ও ৫৯ মিনিটে লুইস সুয়ারেজ এবং আর্তুরো ভিদাল এগিয়ে নেন বার্সাকে। কিন্তু ৮৮ মিনিটে এস্পানিওলের হয়ে সমতাসূচক গোলটি করেন চীনা স্ট্রাইকার উ লেই।

এর আগে ৭৫ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের জার্সি ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডি ইয়ং। এতে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এটাকেই হারের কারণ হিসেবে উল্লেখ করেছেন কোচ ভালভার্দে, ‘ডি ইয়ংয়ের লাল কার্ডই আমাদের ক্ষতি করেছে। আমি খুশি নই। কারণ আমরা তিনটি পয়েন্ট চেয়েছিলাম।’ সঙ্গে এও বলেছেন ভালভার্দে, ‘আমরা কম-বেশি ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি। ঘুরে দাঁড়ানোর পর সব কিছু ভালোই ছিল। কিছু গোল করার চেষ্টা ছিল। তবে ওরা যখন সামনে এগিয়ে আসছিল আমরা খুব বেশি জায়গা নিয়ে খেলছিলাম।’

লিগে নিজেদের শেষ তিন ম্যাচ ড্র করেছিল রিয়াল। শনিবার বড় জয়ে তাই স্বস্তি ফিরল জিদান শিবিরে। গেতাফেকে সহজে হারানোর ম্যাচে রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান করেছেন জোড়া গোল (৩৪ ও ৫৩ মিনিটে)। প্রথমার্ধের ৩৪ মিনিটে ভারানের গোলে এগিয়ে যায় রিয়াল। খেলা শেষের কয়েক মুহূর্ত আগে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ করেন তৃতীয় গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত