না.গঞ্জ আদালতে সেই নূর হোসেন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:৪৮ এএম

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ড পাওয়া নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে ৭ মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এদিন দেশব্যাপী আলোচিত সাত খুনের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া নূর হোসেনকে আদালতে হাজির করা হয়। তবে ওই ৭ মামলার অন্য আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। শুধু নূর হোসেনের উপস্থিতিতেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আনা হয়। আদালতপাড়ায় এ কারণে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। নূর হোসেন ছাড়া ৭ মামলার অন্য আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল।

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ দেশ রূপান্তরকে জানান, সিদ্ধিরগঞ্জ থানায় করা অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭ মামলায় নূর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ জন সাক্ষী গতকাল আদালতে সাক্ষ্য দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত