খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা ছাড়লেন কোকোর স্ত্রী ও কন্যা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১০:৩৬ পিএম

বেদনার স্মৃতি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

সোমবার দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, কষ্ট ও বেদনার স্মৃতি নিয়ে সিঁথি ও তার ছোট মেয়ে জাহিয়া দেশ ছেড়েছেন। 

কারাবন্দী শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে গত ২৬ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তিনি। ঢাকায় উঠেছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায়। ৯ দিন অবস্থানের পর গত রবিবার বিকেলে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন সিঁথি। দেশ ছাড়ার আগে রবিবার রাতে নিজের বাবার বনানীর বাসায় অবস্থান করেন তিনি।

বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাইরে বের হওয়ার সময় সিঁথি এবং জাহিয়া রহমানকে অঝোরে কাঁদতে দেখা গেছে। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর আগে গত বছরের আগস্টে ঢাকায় এসেছিলেন সিঁথি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত