ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলেইমানি নিহতের পর ইরানের পাল্টা আক্রমণের আশঙ্কায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াই স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র কমান্ড বলেছে, গত কয়েক সপ্তাহে ইরাকি ও আমেরিকান ঘাঁটিতে একের পর এক আক্রমণের কারণে আমরা আইএসবিরোধী লড়াই আপাতত স্থগিত রেখেছি। ধারাবাহিক পুনর্বিবেচনা চলবে।
এতে আরও বলা হয়েছে, আইএসকে পরাজিত করতে যে ইরাক সরকারের অংশীদার ও ইরাকি জনগণ আমাদের স্বাগত জানিয়েছে তাদের প্রতি আমরা এখনো অঙ্গীকারাবদ্ধ। আইএসকে একেবারে নির্মূল করতে আমাদের পূর্ণ মনোযোগ ফেরাতে যে পদক্ষেপ রয়েছে তার বিরুদ্ধে প্রস্তুত আছি।
গত শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল কাসেম সুলেইমানি নিহতের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসবিরোধী জোট।
ওয়াশিংটন ইনস্টিটিউটের নিয়ার ইস্ট পলিসির গবেষক মাইকেল নাইটস বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আইএসবিরোধী লড়াইয়ের গুরুত্ব উল্লেখযোগ্য হারে কমে গেছে।
যুক্তরাষ্ট্র জোটের এই ঘোষণায় মধ্যপ্রাচ্যে নতুন করে ইসলামিক স্টেটের উত্থান ঘটতে পারে এমন সম্ভাবনা দেখছেন কিছু বিশ্লেষক। তবে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত বাস্তবতায় ওই অঞ্চলের রাজনীতি নতুন মোড় নিতে পারে বলেও তাদের বিশ্বাস।
