জি কে শামীমের ১৯৪ ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:৪৪ এএম

রাজধানীর গুলশান থানায় করা অর্থপাচার মামলায় যুবলীগ নামধারী ঠিকাদার গোলাম কিবরিয়া (জিকে) শামীমের ১৯৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু সাইদ আদালতে ১৯৪টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, এই মামলার তদন্তের প্রয়োজনে আসামি জি কে শামীম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসবাসমূহ ফ্রিজ করার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এর কারণ আসামির অপরাধলব্ধ আয় ফ্রিজ না হলে ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত করতে পারে। যার কারণে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সম্ভব হবে না। তাই আসামির সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। মামলা থেকে জানা গেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশান নিকেতনে নিজ কার্যালয় থেকে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটকের সময় নগদ এক কোটি ৮১ লাখ টাকা, ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, জি কে শামীমের মায়ের নামে ট্রাস্ট ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় ২৫ কোটি টাকা করে ৪টি এবং ২৭ লাখ ৬০ হাজার টাকার একটি ও শাহজালাল ইসলামী ব্যাংক মহাখালী শাখায় ১০ কোটি টাকা করে ৪টি এফডিআর, শামীমের ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখায় ২৫ কোটি টাকার একটি এফডিআর জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত