পঞ্চগড়ে মরিয়ম খাতুন (১৩) নামে এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর লোকলজ্জায় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার স্বজনরা। পঞ্চগড় সদরের গরিণাবাড়ী ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।নির্যাতিতা মরিয়ম স্থানীয় ভাটাপুকুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক পলাশকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় রাজমিস্ত্রি পলাশ মোন্নাপাড়া গ্রামের আজিত আলীর ছেলে।
ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পলাশের বিরুদ্ধে মরিয়মের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম জানান, গতকাল ভোরে নামাজের জন্য ঘুম থেকে উঠে মরিয়মের মা দেখেন তার পাশেই শুয়ে থাকা মেয়েকে পলাশ মুখ চেপে ধরে ধর্ষণ করছে। এ সময় তিনি মাথার চুল ধরে পলাশকে আটকানোর চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়।
স্বামীকে বেঁধে রেখে পোশাককর্মীকে ধর্ষণ : রাজধানীর কাফরুলের ইমাননগরে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে এক পোশাককর্মীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই নারী। এ ঘটনায় জাহাঙ্গীর নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই রবিউল ইসলাম জানান, ২৭ বছর বয়সী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় কর্মী বলে নির্যাতিতা নারীর দাবি। মামলার বাকি দুই আসামি জনি ও আতিক দেওয়ানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই রবিউল।
তিনি আরও জানান, মামলা দুদিন আগে হলেও ধর্ষণের ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি।
