ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনী এলাকায় দৈনন্দিন জরুরি নাগরিক সেবায় বিল পরিশোধের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত একটি চিঠি ডিএনসিসি ও ডিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন ও প্রকল্পের অর্থ ছাড় না দেওয়ার নির্দেশ দেয় সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। পৃথক ওই চিঠিতে উল্লেখ করা হয়, দুই সিটির আওতাধীন দৈনন্দিন বিভিন্ন জরুরি নাগরিক সেবা তথা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন, সড়ক বাতি স্থাপন ও রাস্তা নির্মাণ/মেরামত ইত্যাদি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সম্পাদিত কাজের বিল পরিশোধ করা যাবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি দুই সিটির ভোটগ্রহণ।
