ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মতামত জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশটির সুপ্রিম কোর্টের নাগরিকত্ব আইন বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ।
এনডিটিভি জানায়, বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘ইনফোসিস প্রাইজ ২০১৯- এ এসে তিনি এ কথা বলেন।
অমর্ত্য সেন বলেন, ‘সিএএ আইন যেটি পাস হয়েছে, আমার মতে তা অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করা উচিত সুপ্রিম কোর্টের।’
এভাবে ধর্মীয় পার্থক্য অনুসারে মানবাধিকার সম্পর্কিত নাগরিকত্ব দেওয়া যায় না- মত এই নোবেলজয়ীর।
তিনি বলেন, নাগরিকত্ব নিরূপণ করতে যা দরকার, তা হল সেই ব্যক্তি কোথায় জন্মেছেন এবং কোথায় তিনি বাস করেন।
ধর্মকে ব্যবহার করে এভাবে বৈষম্য সৃষ্টি করা কখনো গ্রহণীয় নয়। এটি সংবিধানের ভাবধারাকে লঙ্ঘন করছে বলে জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ।
তিনি জানান, পড়শি দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের প্রতি সমবেদনা দেখানো উচিত।
ধর্মীয় নিপীড়নের পাশাপাশি অন্যান্য ইস্যুগুলোর দিকেও নজর দেওয়া উচিত বলে জানান তিনি।
রবিবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হওয়া হামলার বিষয়ে অমর্ত্য সেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে যোগাযোগের বিলম্ব হওয়ার ফলেই শিক্ষার্থীদের নিগ্রহের শিকার হতে হয়েছে।
