মার্কিন-ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সিরিয়ায় আকস্মিক সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আলজাজিরা জানায়, মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে পা রাখেন পুতিন। ইরানের অন্যতম মিত্র সিরিয়ায় এটি তার দ্বিতীয় সফর।
সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন পুতিন। সিরিয়ায় নিয়োজিত রুশ বাহিনীর কমান্ডার একটি সামরিক উপস্থাপনা শোনেন দুই নেতা।
প্রায় নয় বছর ধরে চলা সিরিয়া যুদ্ধে বাশার সরকারকে সহায়তা দিয়ে আসছে রুশ বাহিনী।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠক সম্পর্কে জানান, আসাদের সঙ্গে কথোপকথনে পুতিন বলেন, ‘আমরা এখন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের দিকে অনেক দূর এগিয়ে গিয়েছে সিরিয়া।’
সিরিয়ায় বেশ কয়েকটি স্থাপনায় পুতিনের পরিদর্শন করার কথা ছিল। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পেসকভ।
মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানির নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পুতিনের এই সফর জল্পনা কল্পনা তৈরি করেছে।
যুদ্ধে আসাদ সরকারকে বড় ধরনের সহায়তা দিয়েছিলেন সোলেইমানি ও তার কুদস বাহিনী।
এদিন রাতেই ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।
হামলার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র কোনো পালটা পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিনিদের আরও ১০০টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে দাবি করে তেহরান। সিরিয়ায় পশ্চিমাঞ্চলেও এ রকম একটি মার্কিন ঘাঁটি রয়েছে।
