সরকারি কোনো কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি অফিসার অন স্পেশাল ডিউটিতে (ওএসডি) রাখা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়, সরকারের ক্ষমতা আছে ওএসডি করে রাখার—এটি সঠিক। কিন্তু ১৫০ দিনের বেশি ওএসডি রাখা বেআইনি।
ওএসডির বৈধতা চ্যালেঞ্জ করে এবং এ ক্ষেত্রে সুনির্দিষ্ট দিকনির্দেশনা চেয়ে ২০১২ সালের ৩১ মে জনস্বার্থে সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ হাইকোর্টে ওই রিটটি করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৪ জুন হাইকোর্ট রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেন।
রুলে নির্ধারিত কারণ ও সময়ের বাইরে কোনো দায়িত্ব ছাড়া কর্মকর্তাদের ওএসডি করে রাখা এবং জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।
ঘোষিত রায়ে হাইকোর্ট যেসব কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ওএসডি করে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে নিজ নিজ পদে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন। এছাড়া ১৫০ দিনের বেশি ওএসডিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে জনপ্রসাশন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে প্রতিটি ঘটনা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিষয়ে আইন অনুসারে কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পদক্ষেপ বাস্তবায়ন বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত দাশগুপ্ত ও সহকারী অ্যার্টনি জেনারেল অবন্তী নুরুল।
রিটকারীর আইনজীবী অনীক আর হক বলেন, গত বছরের এপ্রিল পর্যন্ত হিসাব অনুসারে ১৫০ দিনের বেশি ওএসডিতে থাকা কর্মকর্তার সংখ্যা ৭৯৫ জন।
ডেপুটি অ্যার্টনি জেনারেল অমিত দাশগুপ্ত বলেন, রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে।
