রংপুর রেঞ্জার্সের হয়ে একসঙ্গে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মোহাম্মদ নবীও দারুণ বোলিং করলেন। ফলে তামিম ইকবালের ব্যাট হাসলেও ঢাকা প্লাটুনের পুঁজিটা বড় হলো না।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪৫ রানে আটকে যায় ঢাকা। তামিম সর্বোচ্চ ৪০ রান করেন। ৩৮ বলে ৫ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে শাদাব খানের ব্যাট থেকে। ১৯ বলে অপরাজিত ৩১ রান করেছেন তিনি ১ চার ও ৩ ছক্কায়। তার শেষের ঝড়েই ঢাকার স্কোরটা ভদ্রস্থ হয়েছে।
রংপুরের পক্ষে মোস্তাফিজ ও তাসকিন নিয়েছেন সর্বাধিক ৩টি করে উইকেট। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন নবী।
৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে খেলতে নামা ঢাকার এ ম্যাচে জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে। তবে এ ম্যাচ বাদেও আরো দুটি ম্যাচ হাতে আছে তাদের। হারলেও তাই অতটা বিপাকে পড়তে হবে না।
তবে শেন ওয়াটসনের নেতৃত্বাধীন রংপুরের চিত্রটা ভিন্ন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। এই ম্যাচসহ হাতে থাকা আরো এক ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১২। ওদিকে ন্যূনতম ১২ পয়েন্ট এরই মধ্যে হয়ে গেছে চার দলের। রংপুরের প্লে-অফ খেলার আশা তাই অনেকটাই ফিকে।
