নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও গ্রামের এক কলেজছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোনে ডেকে নিয়ে নিজের বাল্যবিয়ে বন্ধ করিয়েছে। গতকাল বুধবার দুপুরে ওই বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও।
সোনারগাঁ ইউএনও রকিবুর রহমান খান জানান, উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও গ্রামের ওই মেয়ে আমাকে ফোন করে তার বাল্যবিয়ে বন্ধ করার অনুরোধ জানায়। খবর পেয়ে মেয়ের বাবার সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ করা হয়। মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না মর্মে লিখিত অঙ্গীকার করেন তার বাবা।
ছাত্রীটি জানায়, সে বারবার তার বাবা-মাকে এ বিয়ের আয়োজন করতে নিষেধ করলেও এ কথায় কান না দিয়ে তার অসম্মতিতেই বাল্যবিয়ের আয়োজন করা হয়। পরে বাধ্য হয়ে উপজেলা নির্র্বাহী কর্মকর্তাকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে বিয়ে বন্ধ করায়।
