মুরাদনগরে আলোচিত শরীফ হত্যা মামলায় ‘আসামিদের পক্ষে’ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বাদীপক্ষের তীব্র আপত্তি থাকলেও সম্প্রতি ওই মামলার আসামিদের অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেওয়া হয়।
এতে ভিকটিম ও তার পরিবারসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আলোচিত এ মামলাটি পুনরায় অন্য সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের জন্য আদালতে আবেদন করার প্রস্তুতি গ্রহণ করেছেন বাদী। লাশের পুনরায় ময়নাতদন্ত এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অথবা সিআইডি কর্র্তৃক সুষ্ঠু তদন্তের মাধ্যমেই হত্যাকা-ের প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীরা ধরা পড়বে বলে মনে করছেন বাদী ও তার স্বজনরা। এদিকে হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে আসামিরা বাদী ও তার স্বজনদের উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী আফিয়া বেগমের দাবি, তার ছেলে মাদ্রাসাছাত্র শরীফকে আসামি একই গ্রামের কামরুল, রিয়াজ, সবুজ মিয়া, শফিক মিয়া, বাবুল মিয়া, তাজুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ প্রথমে নির্যাতন এবং পরে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার কোনো আলামত মেলেনি। পানিতে পড়ে শরীফ মৃত্যুবরণ করেছে, তাই মামলা থেকে আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
