নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘আমিও তাদের (রিটার্নিং কর্মকর্তাদের) অবস্থা বুঝি। তাদের আসলে কিছু করার নেই। তাদের সেই ক্ষমতাটাও নেই, সাহসও নেই।’
শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি’র রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয় থেকে ধানের শীর্ষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন (ইসি) একটি মেরুদণ্ডহীন, দন্তহীন বাঘের ভূমিকায় রয়েছে। তিন দিন আগেও তাদেরকে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমার যে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তার নামে বহু রঙিন পোস্টারে ঢাকা দক্ষিণ সয়লাভ হয়ে গেছে। আমরা প্রমাণসহ একটি অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।’
এ সময় প্রতীক বরাদ্দ পাওয়ার প্রতিক্রিয়ায় বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অবশ্যই গর্বের। আমার জীবনের স্মরণীয় দিন। আজ আমার বাবা (সাদেক হোসেন খোকা) বেঁচে থাকলে অবশ্যই আমার জন্য গর্ববোধ করতেন।’
তিনি বলেন, ‘আমার বাবা দীর্ঘ ৩৫ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতি করেছেন এবং ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সেই ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার জন্য দল আমাকে সমর্থন দিয়েছে। আমি আশা করছি, আমার প্রতি আমার দলের যে প্রত্যাশা, সেটা অবশ্যই পূরণ করতে পারব। আপনারা আমার জন্য এবং আমার বাবার জন্য দোয়া করবেন।’
পরে বাবা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন ইশরাক।
