একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ‘ক্যাসিনো সাঈদ’ ও তার স্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৭:৪০ পিএম

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে একই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন আলোচিত ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত এ কে এম মমিনুল হক সাঈদ ওরফে ‘ক্যাসিনো সাঈদ’ ও তার স্ত্রী ফারহানা আহম্মেদ বৈশাখী।

শুক্রবার সকালে পুরান ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে স্থাপিত ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে তারা প্রতীক বরাদ্দ পান।

ডিএসসিসির ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে এম মমিনুল হক সাঈদ পেয়েছেন লাটিম প্রতীক। অন্যদিকে সাঈদের কাঙ্ক্ষিত ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন তার স্ত্রী বৈশাখী।

প্রতীক বরাদ্দের সময় সাঈদ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তার পক্ষে জনৈক রাশেদুল হক স্বাক্ষর করেন। তবে তার স্ত্রী বৈশাখী নিজেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে প্রতীক বুঝে নেন।

প্রতীক বরাদ্দ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রতিভা বিশ্বাস।

২০১৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রথমবারের মতো কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন সাঈদ।

গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে গ্রেপ্তার এড়াতে বিদেশে আত্মগোপনে চলে যান তিনি। পরে তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার হন তিনি। সিটি নির্বাচনের অংশ নিতে সম্প্রতি দেশে ফেরেন।

তবে ওয়ার্ডে তার পরিবর্তে দলের সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে মোজাম্মেল হককে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

নিজের মনোনয়ন বাতিল হওয়ার শঙ্কায় আগাম সতর্কতা হিসেবে স্ত্রীর নামেও মনোনয়ন কেনেন। তবে তার মনোনয়ন বৈধ হওয়ার পরও স্ত্রীর মনোনয়ন প্রত্যাহার না করায় আলোচনার জন্ম দিয়েছে।

৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত