পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলে নিতে ‘প্রস্তুত’ ভারত

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৬:১৮ পিএম

পার্লামেন্ট চাইলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলে নিতে প্রস্তুত আছে সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

সংবাদ প্রতিদিন জানায়, শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি।

জেনারেল এম এম নারাভানে বলেন, ‘ভারতীয় সেনাসদস্যরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য সব রকমভাবে তৈরি রয়েছে। পার্লামেন্ট চাইলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব আমরা। তারপর থেকে তা ভারতের অধীনেই থাকবে।’

তিনি বলেন, ‘এই বিষয়ে পার্লামেন্টে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, জম্মু ও কাশ্মীরের পুরো অংশই ভারতের অন্তর্ভুক্ত। সেখানে আছে পাকিস্তানের দখল করে নেয়া অংশও।’

নতুন বছরের শুরুতেও একই ধরনের মনোভাব প্রকাশ করেছিলেন ভারতের সেনাপ্রধান। শনিবার ফের সেই কথার পুনরাবৃত্তি করলেন তিনি।

এদিন নিজের সহকর্মীদের ভারতীয় সংবিধানের প্রতি সব সময় অনুগত থাকার বার্তাও দেন জেনারেল এম এম নারাভানে।

এ প্রসঙ্গে বলেন, ‘বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণার ওপর ভিত্তিতে গড়ে ওঠা ভারতীয় সংবিধানের প্রতি শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছি আমরা। এ কথা সব সময় মাথায় রেখে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই তা ভুলে গেলে চলবে না।’

এদিকে পাকিস্তান সম্পর্কে কড়া মনোভাব দেখালেও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারেরও গুরুত্ব দেন এম এম নারাভানে। চীনের সঙ্গে থাকা সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত