বিদ্যুতের লাইনে ঝলসে যাওয়া বানরগুলো চিকিৎসার জন্য সাফারি পার্কে

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৯:০০ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুরে বনের ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে ঝলসে যাওয়া বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন বিভাগের সহায়তায় প্রাণীগুলোকে উদ্ধার করে শুক্রবার রাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, সন্তোষপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে নতুন বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপন করায় বনে থাকা বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছিল। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবর দৃষ্টিগোচর হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আহত বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন।

তিনি জানান, বৃহস্পতি ও শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে সেখান থেকে তিনটি বানরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসার পর বানরগুলো সুস্থ হয়ে উঠলে পরে স্ব-স্থানে তাদের ছেড়ে দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাত মো. জুলকার নাইম জানান, পার্কের প্রাণী চিকিৎসা কেন্দ্রে বানরগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকৃত বানরগুলোর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

এদিকে বানরগুলোর নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যুৎ কর্তৃপক্ষও উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন। তিনি বলেন, ইতিমধ্যেই বনাঞ্চলের প্রায় ৫’শ মিটার এলাকায় উন্মুক্ত তার পরিবর্তন করে কভার তার দেয়া হয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, আশা করছি বানরগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত