কসাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করায় তরুণীর আত্মহত্যা!

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১০:৫৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার দৌলরদী গ্রামের এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করছে নিহতের পরিবারের সদস্যরা। ওই স্কুলছাত্রীর মতামত না নিয়ে বিয়ে ঠিক করায় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার বাবা।

স্থানীয়রা জানান, স্থানীয় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর অমতে একই উপজেলার তিলাব গ্রামের জজ মিয়া কসাইয়ের ছেলে আল আমিনের সঙ্গে তার বিয়ে ঠিক করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিজের বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। কসাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করায় ওই স্কুলছাত্রী বিয়েতে অমত করেছিল। হয়তো এ কারণেই আত্মহত্যা করে থাকতে পারে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্কুলছাত্রীর বাবা আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‌‘আমি বিয়ের বাজার করতে যাত্রাবাড়ী গিয়েছিলাম। সেখান থেকেই মোবাইল ফোনে মেয়ের আত্মহত্যার খবর পাই। মেয়ের মতামত নিয়েই বিয়ে ঠিক করা হয়েছিল। রবিবার বিয়ে হওয়ার কথা ছিল। শুনেছি হবু বরের সঙ্গে মোবাইল ফোনে কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। হয়তো এজন্য অভিমান করে আত্মহত্যা করেছে সে।’

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান দেশ রূপান্তরকে জানান, ময়নাতদন্তের পর লাশ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত