হলিউড অভিনেতা মার্টিন শিন রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্ত যেথা ভয়শূন্য' কবিতার উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।
শনিবার ওয়াশিংটন ডিসি-তে 'ফায়ার ড্রিল প্রোটেস্ট'-এ অংশ নিয়ে তিনি বাঙালির কবিগুরুর কবিতা স্মরণ করেন।
হলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও পলিটিক্যাল অ্যাকটিভিস্ট জেন ফন্ডা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে দিতে প্রতি সপ্তাহেই এই সভা করে থাকেন।
এদিন এই সভায় অংশ নিয়ে মার্টিন শিন বক্তৃতার মধ্যে 'চিত্ত যেথা ভয়শূন্য' কবিতার ইংরেজি 'Where The Mind Is Without Fear' আবৃত্তি করেন। এতে জেন ফন্ডা ছাড়াও উপস্থিত ছিলেন ম্যাগি গেলেনহাল ও সুজান সারানডোন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখার সময় মহিলাদের প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়ে মার্টিন শিন বলেন, 'মহিলারাই পৃথিবীকে বাঁচাতে পারবেন।' মহিলাদের প্রশংসা করার প্রসঙ্গেই রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেন তিনি।
